
রূপন চন্দ্র শর্মা সভাপতি, রতন কুমার সাধারণ সম্পাদক, সাধন কর্মকার কোষাধ্যক্ষ নির্বাচিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানের আলীকদম উপজেলার সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মন্দির প্রতিষ্ঠা ও ২০১১ সালে কমিটি গঠনের পর এবারই প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দিনটি বিশেষ গুরুত্ব বহন করেছে।
নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে রূপন চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক পদে রতন কুমার এবং কোষাধ্যক্ষ পদে সাধন কর্মকার নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কান্তি দাশ এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব শর্মা পরাজিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটারদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে পুরো এলাকা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচনে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে বলেও তারা জানান।
এদিকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কয়েকজন দাবি করেন, সাবেক মন্দির পরিচালনা কমিটির বিরুদ্ধে মন্দিরের অর্থের হিসাব-নিকাশে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন ব্যবস্থাপনা-সংক্রান্ত অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রভাব নির্বাচনের ফলাফলে পড়েছে বলে তারা মনে করছেন।
নবনির্বাচিত কমিটির নেতারা মন্দিরের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মন্দির পরিচালনা কমিটি নির্বাচিত হওয়ায় এটি আলীকদমের সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নতুন অধ্যায়ের সূচনা করেছে।






