Homeপ্রযুক্তিকর্মশালাআলীকদম সীমান্তে বিজিবির মেডিকেল ক্যাম্প

আলীকদম সীমান্তে বিজিবির মেডিকেল ক্যাম্প

বান্দরবান প্রতিনিধি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০ জনের বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, ২১ ও ২২ সেপ্টেম্বর ব্যাটালিয়নের অধীনস্থ লিক্রী ও বুলুপাড়া বিজিওপির দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় মেডিকেল অফিসারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালনের সঙ্গে পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মেডিকেল ক্যাম্পে স্থানীয় পাড়া কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, ভবিষ্যতেও ইউনিটের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি: আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি), ২২ সেপ্টেম্বর ২০২৬।

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments