সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নন্নারকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে থাকা একটি ট্রাকের চালক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান। এ সময় নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, পাহাড় ধসের ঝুঁকি হ্রাস এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।





