টি আই মাহামুদ
টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকায় দ্বিতীয় ধাপে আরও ৯০টি বন্যাকবলিত ও বাস্তুচ্যুত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের নেতৃত্বে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, প্রথম ধাপে যেসব পরিবার ত্রাণসামগ্রী পায়নি, তাদের চিহ্নিত করেই দ্বিতীয় ধাপের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় চৈক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৈক্ষ্যং মডেল হাইস্কুল কেন্দ্রে রিশপাতুলি মারমা পাড়ার ৫৩টি পরিবার, পশ্চিম সফারপাড়া এলাকার ২৭টি পরিবার এবং অন্যান্য অসহায় ১০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বর্ষণে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় আলীকদমের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে বিজিবির এই সহায়তা দুর্গত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে।
শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, মানবিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসহায় বাঙালি পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে ব্যাটালিয়নটি।
বিজিবি জানিয়েছে, বন্যাকবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্ধার ও মানবিক সহায়তা দিতে আলীকদম ব্যাটালিয়ন সর্বদা প্রস্তুত রয়েছে।





