Homeসর্বশেষ খবরবিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে আলীকদমে ৯৮ ঘনফুট গর্জন কাঠসহ মালিকবিহীন ট্রাক জব্দ

বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে আলীকদমে ৯৮ ঘনফুট গর্জন কাঠসহ মালিকবিহীন ট্রাক জব্দ

টি আই মাহামুদ


বান্দরবানের আলীকদমে বনজ সম্পদ পাচার রোধে যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি ডাম্পার ট্রাক থেকে প্রায় ৯৮.১৯ ঘনফুট গর্জন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগ। তবে অভিযান চলাকালে কাঠ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১২ জুলাই) সকালে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও স্থানীয় বন বিভাগের যৌথ অভিযানে উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কের উত্তর পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালানো হয়। অভিযানে ট্রাকটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ৯৮.১৯ ঘনফুট গর্জন লগ কাঠ উদ্ধার করা হয়। জব্দ করা ট্রাকটি চট্টগ্রাম লট-৮৮ হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, অবৈধ কাঠ পাচারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাঠ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা কাঠ ও ট্রাক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম উপজেলা বন বিভাগের তৃতীয় রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, পার্বত্য এলাকার সংরক্ষিত বন থেকে মূল্যবান গাছ কেটে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়মিত অভিযান সত্ত্বেও কাঠ পাচার চক্র সক্রিয় থাকায় আরও কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও বিজিবি “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও বনজ সম্পদ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments