মোঃ ফরহাদ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। শুক্রবার (২০ মার্চ) মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় পৃথক দুটি অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়।
সকাল ১১টার দিকে মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৩টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরাদ্দকৃত ত্রাণ ও কল্যাণ তহবিলের উপহারের পাশাপাশি এমপি ফজলে হুদা বাবুলের ব্যক্তিগত অর্থায়নে প্রায় সাড়ে তিন হাজার দরিদ্র নারী-পুরুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও থ্রিপিসসহ বিভিন্ন ঈদসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এমপি ফজলে হুদা বাবুল বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতি বছরই দুই উপজেলায় কয়েক হাজার অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছেন। এর ধারাবাহিকতায় এবারও তিনি ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপহার পেয়ে উপকারভোগীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।





