Homeরাজনীতিচাল না পেয়ে ঝাড়ু দিয়ে কুড়িয়ে নেওয়া সেই বৃদ্ধাকে ঈদ উপহার দিল...

চাল না পেয়ে ঝাড়ু দিয়ে কুড়িয়ে নেওয়া সেই বৃদ্ধাকে ঈদ উপহার দিল বদলগাছী ছাত্রদল

মোঃ ফরহাদ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় এক অসহায় বৃদ্ধা মায়ের হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রদল।

জানা যায়, গত ১৭ মার্চ ভিজিএফের চাল বিতরণের সময় ছালে বেগম (৬৬) নামের ওই বৃদ্ধা চাল না পেয়ে নিরুপায় হয়ে মাটিতে পড়ে থাকা চাল ঝাড়ু দিয়ে কুড়িয়ে নিতে বাধ্য হন। জীবনের কঠিন বাস্তবতায় সেই দৃশ্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নাড়া দেয় সর্বস্তরের মানুষের বিবেককে।
এই মর্মস্পর্শী ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২০ মার্চ ২০২৬) বদলগাছী উপজেলা ছাত্রদল মানবিক উদ্যোগ নিয়ে ছুটে যায় সেই বৃদ্ধা মায়ের দরজায়। ঈদের আনন্দ যেন তার জীবনেও কিছুটা হলেও ছুঁয়ে যায়—এই প্রত্যাশা থেকেই তারা তার হাতে তুলে দেয় খাদ্য সামগ্রীসহ ঈদ উপহার।

এ মানবিক উদ্যোগে সহযোগিতা করেন নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি হোসেন। এছাড়া জেলা ছাত্রদলের সদস্য ও বদলগাছী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য নাহিদ রানা’র সমন্বয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় ছালে বেগমের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন হাবিব, বদলগাছী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ প্রতিক হোসেনসহ তরুণ ছাত্রনেতা রনি হোসেন, শাকিব হোসেন, সজীব হোসেন, নুরুজ্জামান, খালিদ হাসান ও ছাব্বির হোসেন।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “একজন মা যেন আর কখনো এভাবে অপমানিত না হন—সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এই ছোট্ট প্রয়াস। সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনেই আমরা সবসময় প্রস্তুত।”

তাদের এই উদ্যোগে ছালে বেগমের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি—যেন কষ্টের ভাঁজে একটু হলেও জেগে ওঠে ঈদের আনন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments