ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নিসচা চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মেহেদি হাসান। সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রায় প্রতিদিনই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো, অপ্রশস্ত সড়ক, প্রয়োজনের তুলনায় সড়কের প্রশস্ততা কম থাকা, গাড়ি চালানোর সময় চালকদের অসচেতনতা এবং মুঠোফোনে কথা বলার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
তারা আরও বলেন, দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ট্রাফিক পুলিশের পর্যাপ্ত তদারকি না থাকাও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়ন না হলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।


