ভিশন২৪বাংলা ডেস্ক নিউজ
পাহাড়ের দুর্গম জনপদে মানুষের পাশে দাঁড়ানো, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা এবং মানবিক দায়িত্ববোধ থেকে সমাজ পরিবর্তনে অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন বান্দরবানের আলীকদম উপজেলার দুই সমাজকর্মী সাবারাং ত্রিপুরা ও জেসমিন চাকমা। সমাজকর্মে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননা সনদ ও ক্রেস্ট। প্রত্যন্ত পাহাড়ি জনপদ থেকে জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়ায় স্থানীয় সামাজিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় মানবাধিকার সম্মাননা অনুষ্ঠানে সমাজকর্মী ক্যাটাগরিতে তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতেই এ আয়োজন।
| অর্জনের পেছনে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা সাবারাং ত্রিপুরার |
জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সমাজকর্মী সাবারাং ত্রিপুরা তাঁর এ অর্জনের অন্যতম অংশীদার হিসেবে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম এবং সোনে ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর আল মামুনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণাকে নিজের এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পাহাড়ের সমাজকর্মীদের জন্য অনুপ্রেরণা
আলীকদমের মতো পাহাড়ি ও দুর্গম এলাকায় সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নারী-পুরুষের অংশগ্রহণ এবং তাঁদের কাজের জাতীয় পর্যায়ে স্বীকৃতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিদের উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সাবারাং ত্রিপুরা ও জেসমিন চাকমার এ অর্জন শুধু তাঁদের ব্যক্তিগত সম্মাননার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আলীকদমের সামাজিক অঙ্গন এবং পাহাড়ের নতুন প্রজন্মের সমাজকর্মীদের জন্যও অনুপ্রেরণার বার্তা বহন করছে।
পাহাড়ের মানুষের কল্যাণে যাঁরা নীরবে কাজ করে যাচ্ছেন, তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি নিশ্চিত হোক—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।


