সুমন চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হাকিম (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা দায়েরের ১৩ দিন পর তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আব্দুল হাকিমকে গ্রেপ্তার করেছে আলীকদম থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিবাতলী পাড়া এলাকার আব্দুল হাকিমের একই এলাকার এক কিশোরীর সঙ্গে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে আব্দুল হাকিম বিভিন্ন সময় কিশোরীকে নিয়ে বাইরে ঘুরতে যেতেন। বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে কিশোরীকে শাসন করা হয়। প্রায় সাত-আট মাস আগে আব্দুল হাকিম কিশোরীকে নিয়ে চকরিয়ায় চলে গিয়েছিলেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনেন।
এজাহারে আরও বলা হয়, গত ৩১ জুলাই কিশোরীর মা তাঁর অসুস্থ ছোট ছেলেকে চিকিৎসার জন্য চকরিয়ায় নিয়ে যান। চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরে তিনি ঘরের ভেতর আব্দুল হাকিমকে কিশোরীর সঙ্গে দেখতে পান বলে অভিযোগ করা হয়েছে।
পরে কিশোরীর কাছে বিষয়টি জানতে চাইলে সে অভিযোগ করে, বিয়ের প্রলোভন দেখিয়ে আব্দুল হাকিম তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন।
ঘটনাটি জানাজানি হলে কিশোরীর পরিবারের পক্ষ থেকে আব্দুল হাকিমের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা কিশোরীর সঙ্গে আব্দুল হাকিমের বিয়ে দেওয়ার আশ্বাস দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে পরদিন আব্দুল হাকিম কাউকে কিছু না জানিয়ে অন্যত্র চলে যান। পরে তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান না হওয়ায় কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট ২০২৬ ভুক্তভোগী কিশোরীর মা ইয়াছমিন আক্তার আলীকদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১৪ আগস্ট ২০২৬ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় মামলা নম্বর-০৪ রুজু করা হয়।
মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে বান্দরবান ও লামা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।
আলীকদম থানার সাব-ইন্সপেক্টর উপন বড়ুয়া বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুল হাকিমের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।





