তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
সৌদি আরবে গিয়ে দালালের প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহারাবাদ গ্রামের প্রবাসী জুয়েল।
জানা গেছে, জুয়েল প্রায় ৪ মাস ১৫ দিন আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন। অভিযোগ রয়েছে, গ্রামের আলী নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি সৌদি আরবে যান। সৌদি আরবে আসার পর তাকে কোনো কাজ, থাকার ব্যবস্থা কিংবা খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়নি। এমনকি তার পাসপোর্টও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বর্তমানে জুয়েল সৌদি আরবের দাম্মাম অঞ্চলের আবকিক নামের একটি এলাকায় অবস্থান করছেন। কাজ ও বৈধ কাগজপত্রের সংকটে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী জুয়েল ও তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে তাকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার বলেন, “আমরা আমাদের স্বজনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে চাই। দালালের প্রতারণার শিকার হয়ে তিনি যে সমস্যার মধ্যে পড়েছেন, তার সমাধানের জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলী নামের ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।





