রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে রুমা আকতার (৩০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ১৫ মে বিকেলে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন দরগাহ গ্রামের একটি টিনশেড ও বেড়ার ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ৷
নিহত গৃহবধু রুমা ওই গ্রামের সিএনজি অটোরিকশাচালক মুহাম্মদ সোলেমানের স্ত্রী। তাঁর ৫ বছরের একটি সন্তান রয়েছে।
তবে এটিকে হত্যাকাণ্ড বলে দাবী করছে নিহত গৃহবধুর বাবার পরিবার। তাঁরা বলছে বিয়ের পর থেকে যৌতুকসহ শ্বশুর বাড়ির লােকজনের নানা রকম দাবীতে নির্যাতনের শিকার হয়েছে রুমা। তাঁর লাশ পাওয়া গেছে খাটে শোয়ানো অবস্থায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই বাড়িতে গৃহবধু রুমা কক্ষে বিমের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানানো হয় স্বামীর পরিবারের পক্ষ থেকে। তবে তাঁরা তাঁকে বাঁচাতে লাশ ঝুলন্ত অবস্থা থেকে খাটে নামিয়ে রাখেন। কিন্তু ততক্ষণে ওই গৃহবধু মারা যান। বাবার পরিবার এসে লাশ দেখতে পায় খাটে। একারণে তাঁরা এটিকে নির্যাতনে হত্যা বলে দাবী করেন। এরমধ্যে স্বামীর পরিবার থেকে পুলিশে খবর না দেওয়ারও অভিযোগ করে বাবার পরিবার।
স্থানীয় বাসিন্দা ফাহিম মিয়া জানান, সোলেমান ও তাঁর স্ত্রী রাতের বেলায় প্রায় সময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে আমি জানি না।
নিহত গৃহবধুর বড় ভাই আনোয়ার হোসেন বলেন, তাঁর বোনকে নানা সময় নির্যাতন করতো স্বামী এবং তাঁর পরিবারের লোকজন। তাঁকে হত্যা করা হয়েছে। আমরা হত্যা মামলা করবো।
রাউজান পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, আমরা লাশ ঘরের খাট থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।





