
ডেক্স রিপোর্ট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, চিকিৎসক ও সেবাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে আলীকদম সেনা জোন।
আজ শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সেনা জোনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক (এসপিপি, পিএসসি)। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও ভর্তি রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
এসময় তিনি অসুস্থ রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি অনুষ্ঠানের অংশ হিসেবে রোগীদের মাঝে ফ্রুট বাস্কেট বিতরণ করা হয়, যা তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়।
সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মানসিকভাবে উৎসাহিত করে এবং চিকিৎসা পরিবেশকে আরও আন্তরিক ও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও আস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতেও আলীকদম সেনা জোনের পক্ষ থেকে এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।





