সুজন কুমার তংচঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নের গোয়াইনছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৫০তম কঠিন চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দেব-মনুষ্যসহ চক্রবালবাসীর হিত, সুখ, শান্তি ও মঙ্গল কামনায় ১২ ঘণ্টাব্যাপী অভিধর্ম পিটকের মহান পট্ঠান পাঠের আয়োজন করা হয়।রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের উদ্যোগে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ, অতিথি আপ্যায়ন, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, উদ্বোধনী পর্ব, ধর্মীয় সংগীত পরিবেশন, কঠিন চীবর দান, ধর্মসভা, ফানুস উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল।দিনব্যাপী ধর্মসভায় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের গোল্ডেন টেম্পলের অধ্যক্ষ বিরচনা পঞ্ঞা মহাথের। এতে সভাপতিত্ব করেন বান্দরবানের রোয়াংছড়ির পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগগাশ্রী মহাথেরো। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী মৈত্রী বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিনয়তিষ্য মহাথের এবং প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সত্যপ্রিয় মহাথের।এ সময় ভিক্ষুসংঘের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধর্মানন্দ মহাথের, অভয়তিষ্য থের, অগ্রবংশ থের, ধর্মপ্রিয় ভিক্ষু, জ্যোতি লংকার ভিক্ষু, ধাম্মা দীপা ভিক্ষু, বুদ্ধ জ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘের সদস্যরা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, হেডম্যান নির্মল তঞ্চঙ্গ্যা, বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়ন্ত তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক ডালিম তঞ্চঙ্গ্যা, নির কার্বারীসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও অন্যান্য হেডম্যান।দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দায়ক-দায়িকা, পূর্ণ্যার্থী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।