
টি আই মাহামুদ
বান্দরবানের আলীকদমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেল ৩টায় আলীকদম থানার হলরুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে আলীকদম থানা, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ। সভাটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে আলীকদম উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। তিনি বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ। তিনি বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তি যাতে সহজে, নিরাপদে এবং নির্ভয়ে পুলিশের সহায়তা নিতে পারেন, সে লক্ষ্যেই পুলিশ সার্ভিস ডেস্ক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম এবং আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুক এলাহী। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন ধরন, প্রতিরোধের উপায়, আইনি সহায়তা এবং প্রয়োজনে পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে কীভাবে দ্রুত সহযোগিতা পাওয়া যায় সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।





