আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে আগামী ২০২৭ সালের মহোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আলীকদম বাজার সার্বজনীন শ্রীশ্রী কেন্দ্রীয় হরি মন্দিরের মহোৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রুবেল ধর। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন সিকদার এবং কোষাধ্যক্ষ হয়েছেন সুজন চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে মন্দিরের উপদেষ্টা পরিষদ, পরিচালনা কমিটির সদস্য ও উপস্থিত সবার সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় আগামী বছরের মহোৎসবের সার্বিক আয়োজন, ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা, অতিথি আপ্যায়ন, শৃঙ্খলা রক্ষা এবং উৎসবের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ২০২৭ সালের মহোৎসব আরও বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। একই সঙ্গে এ আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
নবগঠিত কমিটির নেতারা মহোৎসব সফল করতে মন্দিরের উপদেষ্টা পরিষদ, পরিচালনা কমিটি, ভক্তবৃন্দ, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


