যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: প্রধান অতিথি
ডেস্ক নিউজ
বান্দরবানের আলীকদম উপজেলায় উৎসবমুখর পরিবেশে মেরিনচর পাড়া যুবসমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় মেরিনচর পাড়া মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে ফাইনাল ম্যাচ।
মেরিনচর পাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডারের প্রতিনিধি ক্যাপ্টেন ইফতিয়াকুর রহমান। তিনি মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের ক্রীড়াশৈলী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন।
খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে তাদের উৎসাহিত করেন। এ সময় জোন কমান্ডারের পক্ষ থেকে ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য দুটি নতুন ফুটবল ও বিশেষ উপহারসামগ্রী হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, সুস্বাস্থ্য বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতেও ক্রীড়া আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে।
আয়োজক মেরিনচর পাড়া যুবসমাজ এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় জোন কমান্ডার ও প্রধান অতিথির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয় যুবসমাজের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।


