১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপে বিশেষ নজরদারি, গুজব ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে জোর
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবানের আলীকদমে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজাকালীন নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে ৫৭ বিজিবি। এরই অংশ হিসেবে পূজামণ্ডপগুলোর রেকি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
পূজার নিরাপত্তায় স্থানীয় প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, সদর দপ্তরের নির্দেশনা ও ব্যাটালিয়নের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে চার প্লাটুন সদস্য পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন।
এদিকে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণের সচেতনতা ও সহযোগিতার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে সনাতন ধর্মাবলম্বী সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।


