Homeসর্বশেষ খবরআলীকদমে চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলীকদমে চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত বিচারিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বিশেষ সহযোগিতা চেয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপির হস্তক্ষেপ কামনা করেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আইনমন্ত্রীর কাছে পাঠানো এক উপানুষ্ঠানিক আধা-সরকারি (ডিও) পত্রে প্রতিমন্ত্রী আলীকদম চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পত্রে উল্লেখ করা হয়, ১৯৮২ সালে আদালত স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে বিচারিক ভবন নির্মাণ করা হলেও সেখানে আজও নিয়মিত বিচারকার্য শুরু হয়নি। ফলে বিচারিক সেবা নিতে আলীকদমের বাসিন্দাদের জেলা শহর বান্দরবানে প্রায় ১১১ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও শ্রমের অপচয় হচ্ছে। বিশেষ করে নারী, প্রবীণ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দূরবর্তী আদালতে যাতায়াত ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ডিও পত্রে আরও বলা হয়, আলীকদমে সেনানিবাস, মডেল থানা, বিজিবি ব্যাটালিয়নসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা অবকাঠামো রয়েছে। পূর্বনির্মিত আদালত ভবনটি প্রয়োজনীয় সংস্কার ও উপযোগী করা গেলে স্বল্প সময়ের মধ্যেই বিচারিক কার্যক্রম চালু করা সম্ভব।

এদিকে পরিবেশ ও সামাজিক সংগঠন ‘গ্রিন পলিসি মুভমেন্ট’-এর আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। বিষয়টি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৪-এ বিবেচনাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আলীকদম চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার আবেদনকারী সংগঠন গ্রিন পলিসি মুভমেন্টের সদস্যসচিব ও প্রধান মুখপাত্র মো. মহিউদ্দিন (বন্ধু) বলেন, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ির মতো দুর্গম পাহাড়ি এলাকার মানুষের ন্যায়বিচারপ্রাপ্তি সহজ করতে স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধ হয়ে যাওয়া আলীকদম চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত কার্যক্রম শুরুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আলীকদমে আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং গ্রিন পলিসি মুভমেন্টের প্রধান মুখপাত্র মো. মহিউদ্দিন (বন্ধু)-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ও বিচারিক পদক্ষেপের মাধ্যমে আলীকদম চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠা করা হলে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের বিচারপ্রাপ্তি সহজ হবে, কমবে ভোগান্তি এবং সুদৃঢ় হবে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments