Homeরাজনীতিবান্দরবান সদর উপজেলা যুব অধিকার পরিষদের সম্মেলন

বান্দরবান সদর উপজেলা যুব অধিকার পরিষদের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
তরুণদের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় নিয়ে বান্দরবানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সদর উপজেলা শাখার অর্ধ-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের বান্দরবান পার্বত্য জেলা শাখার আওতাধীন বান্দরবান সদর উপজেলা যুব অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আব্দুল মালেক।

তিনি বলেন, দেশের তরুণ সমাজকে শুধু রাজনৈতিক কর্মী হিসেবে নয়, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে একটি শক্তিশালী সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

মো. আব্দুল মালেক আরও বলেন, “যুব সমাজই দেশের ভবিষ্যৎ। অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে।”

তিনি বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ালেই হবে না; ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে সংগঠনকে বিস্তৃত করতে হবে। তরুণদের মধ্যে অধিকার সচেতনতা তৈরি এবং মানুষের ন্যায্য দাবিগুলোকে সংগঠিতভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী তরুণ। অথচ কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন নাগরিক অধিকার নিয়ে তরুণদের মধ্যে নানা ধরনের সংকট রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনের পর বান্দরবান সদর উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে সদর উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন জেলা পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা ও সদর উপজেলা যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments