
সুমন চৌধুরী, বিশেষ প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে পান বাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫ম বার্ষিক নির্বাচন-২০২৬-এর নবনির্বাচিত কার্যকরী পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পান বাজার এটিসি রাইস মিল প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য জনাব রেহেনা বেগম।
সভায় সভাপতিত্ব করেন পান বাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব আবুল হাসেম। সভা সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রেহান উদ্দিন সুমন।
পরিচিতি সভায় নবনির্বাচিত কার্যকরী পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বক্তারা ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বার্থ সংরক্ষণ, বাজারের বিভিন্ন সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা পান বাজারে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের জন্য একটি পাবলিক টয়লেট স্থাপনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য নবনির্বাচিত কমিটির প্রতি অনুরোধ জানান। তারা বলেন, বাজারে জনসাধারণের ব্যবহারযোগ্য পর্যাপ্ত শৌচাগার না থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, পান বাজার আলীকদমের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সমাগম ঘটে। বাজারের পরিবেশ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, শৌচাগারসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি।
নবনির্বাচিত সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক মো. রেহান উদ্দিন সুমন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমিতির কার্যক্রম পরিচালনা এবং বাজারের উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচিতি সভায় সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, সদস্য এবং পান বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।





