টি আই মাহামুদ
বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা-২০২৬। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এ মেলায় প্রায় ৪০ জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়।
মেলায় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল আম, জাম, কাঁঠাল, লটকন, পানিফল, গুটগুটিয়া, কলা, চালতা, আনারস, দেশি মুসম্বি, লেবুসহ নানা প্রজাতির সুস্বাদু ও পুষ্টিকর দেশীয় ফল। প্রতিটি স্টলে ফলের বৈচিত্র্য ও স্থানীয় কৃষকদের উৎপাদিত ফল প্রদর্শনের মাধ্যমে দেশীয় ফল চাষের সম্ভাবনা তুলে ধরা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মেলা পরিদর্শন করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম, আলীকদম সেনা জোন প্রতিনিধি ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ, আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ্ আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামশুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মোঃ হাসান-সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, শিক্ষার্থী এবং অসংখ্য সাধারণ দর্শনার্থী।
মেলা পরিদর্শনকালে অতিথিরা দেশীয় ফল চাষ সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। দর্শনার্থীরাও দেশীয় ফলের এমন বৈচিত্র্যময় প্রদর্শনী দেখে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকদের মতে, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সচেতনতা তৈরি এবং বাণিজ্যিকভাবে ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।





