
প্রেসক্লাববিরোধী ষড়যন্ত্র ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
সানজিদা আকতার রুনা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের ঐক্য, সুনাম ও সাংগঠনিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৩০মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও পেশাগত নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ১৩জন সদস্যের মধ্যে ৯জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ৭১ টিভি এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুর রশিদ, সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর, অর্থ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মোহাম্মদ ইউনুস, ক্রীড়া সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. শাহীন, তথ্য,গবেষণা ও পাঠাগার সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক নতুন বাংলাদেশ প্রতিনিধি সানজিদা আক্তার রুনা, নির্বাহী সদস্য ও দৈনিক যায়যায়দিন এবং দৈনিক সাঙ্গু প্রতিনিধি আবদুল হামিদ, নির্বাহী সদস্য ও দৈনিক আইন বার্তা প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহসহ অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বা সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপতৎপরতা চালালে তা সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে। সভাপতি আমিনুল ইসলাম বলেন, “নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষার একটি প্ল্যাটফর্ম। সংগঠনের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তি বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। প্রেসক্লাবের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন, “প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার সুযোগ নেই। কেউ এমন কর্মকাণ্ডে জড়িত হলে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।





