প্রদীপ শীল, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে পোকামাকড় দমন ব্যবস্থাপনা (আইপিএম) শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের নদিমপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ, গাজীপুরের বাস্তবায়নে এবং রাউজান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের পিএসও ড. এবিএম আনোয়ার উদ্দিন মাসুম। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের এসও আবু নাঈম ইসলাম এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন।
উপসহকারী কৃষি কর্মকর্তা সীকু কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবু শংকর দে ও মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে ড. এবিএম আনোয়ার উদ্দিন মাসুম বলেন, ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ অত্যন্ত ভয়াবহ। এ পোকা একবার আক্রমণ করলে এক সপ্তাহের মধ্যে পুরো ক্ষেত নষ্ট করে দিতে পারে। দ্রুত বংশবিস্তারকারী এ পোকার আক্রমণ দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ধান গাছের কাণ্ডের গোড়ায় প্রয়োগ করতে হবে। কারণ এ পোকা মূলত গাছের গোড়ায় আক্রমণ করে।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ মাসুম কবির বলেন, ধানে পোকার আক্রমণের সময় কীটনাশক প্রয়োগে কৃষকদের সতর্ক থাকতে হবে। সঠিক মাত্রায় ওষুধ ব্যবহার না করলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। অতিরিক্ত ওষুধ প্রয়োগ ধানের জন্য ক্ষতিকর হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।





