Homeঅপরাধ ও আইনআলীকদমে ইউপি সদস্য জাকের হোসেনের বিরুদ্ধে আত্মীয়করণ ও হুমকির অভিযোগ

আলীকদমে ইউপি সদস্য জাকের হোসেনের বিরুদ্ধে আত্মীয়করণ ও হুমকির অভিযোগ

৫০ একর বোরো জমিতে সেচের পানি না পেয়ে বিপাকে কৃষকরা;

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আব্হায়ক জাকের হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ এবং সেচ প্রকল্পের অর্থ অপব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা। পানির স্কীম পরিচালনায় অনিয়মের কারণে নিয়মিত সেচ সুবিধা না পেয়ে তাদের বোরো ধানের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি সেচ প্রকল্প সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পরিচালনা করছেন ইউপি সদস্য জাকের হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত স্কীমের আওতায় প্রায় ৫০ একর বোরো ধান চাষের জমিতে সেচ দেওয়ার কথা রয়েছে। তবে কৃষকদের কাছ থেকে প্রতি ৪০ শতক জমির বিপরীতে ৬ হাজার টাকা করে নেওয়া হলেও অনেক কৃষক নিয়মিত পানি পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কৃষকরা জানান, ধান গাছে থোঁড় আসার গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত পানি না পাওয়ায় অনেক জমি শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। এতে সম্ভাব্য ফলন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চাষীদের অভিযোগ, জাকের হোসেন বাছাই করে নির্দিষ্ট কিছু জমিতে—বিশেষ করে তামাক চাষের জমি এবং তার আত্মীয়-স্বজনদের জমিতে—রাতের অন্ধকারে পানি সরবরাহ করছেন। অন্যদিকে সাধারণ কৃষকরা নির্ধারিত অর্থ পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তারা দাবি করেন।

গোপন সূত্রের বরাতে আরও জানা গেছে, উক্ত সেচ স্কীম থেকে আদায়কৃত অর্থ তিনি তামাক চাষীদের কাছে দাদন ব্যবসায় ব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া কৃষকরা তার কাছে পানি চাইলে তিনি কখনো মেশিন নষ্ট, আবার কখনো বিদ্যুৎ না থাকার অজুহাত দেখান বলে দাবি করা হয়েছে। তবে রাতের বেলায় তার নিকটজনদের জমিতে নিয়মিত পানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

কৃষকদের আরও অভিযোগ, এসব অনিয়মের প্রতিবাদ জানালে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এতে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানান।

এ বিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনজুর আলম এই প্রতিবেদককে জানান,

“এই বিষয়টি তদন্তের জন্য আমি কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত মেম্বার জাকের হোসেন জানান, বিদ্যুৎ সমস্যার কারণে তিনি পানি দিতে পারছেন না।

ভুক্তভোগী কৃষকরা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments