
আলীকদমে ৬৫ কৃষকের মাঝে ১১ হাজার ১৮০টি চারা বিতরণ
সুমন চৌধুরী, বিশেষ প্রতিনিধি
কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদম উপজেলার ৬৫ জন কৃষকের মাঝে ১১ হাজার ১৮০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা এবং জৈব সার বিতরণ করা হয়েছে।
আলীকদম জেলা পরিষদ রেস্টহাউসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে চারা ও জৈব সার তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লামা-আলীকদমের প্রতিনিধি সাইফুল ইসলাম রিমন।
অনুষ্ঠানে জানানো হয়, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১৭২টি করে মোট ১১ হাজার ১৮০টি চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, কফি, পেয়ারা, লেবুসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ। পাশাপাশি কৃষকদের মাঝে জৈব সারও বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হর্টিকালচার বিভাগের উপপরিচালক লিটন দেবনাথ এবং আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ মো. সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ শুধু অবকাঠামো উন্নয়নেই নয়, কৃষি, পরিবেশ ও মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে কৃষকরা যেমন দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভবান হবেন, তেমনি সবুজায়ন বৃদ্ধি পেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি কৃষকদের বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা করে সফলভাবে রোপণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা হর্টিকালচার বিভাগের উপপরিচালক লিটন দেবনাথ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা। তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ফলদ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে অতিরিক্ত আয় নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





