আলীকদম সংবাদদাতা
বান্দরবানের আলীকদমে চিকিৎসা বঞ্চিত পাহাড়ী ও বাঙালী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। শনিবার (১০ মে) ব্যাটালিয়ন সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ এ ব্যাটালিয়ন বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে “অপারেশন উত্তরণ” এর আওতায় দুর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় জনগণের মাঝে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং দুর্যোগে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের নেতৃত্বে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ আনুমানিক ১৫০ জনের অধিক পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালী জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।এছাড়াও সীমান্তবর্তী বিভিন্ন বিওপি এলাকায় পর্যায়ক্রমে আরও মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।এ সময় আলীকদম ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





