ডেস্ক রিপোর্ট
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সী মিয়ানমারের ১৪ জন পুরুষ নাগরিক আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ১৪ জনই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তারা নিরস্ত্র অবস্থায় এবং বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।





