আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
ভূমিসেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান নিশ্চিত করা হলে দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
মঙ্গলবার (১৯ মে) সকালে আনোয়ারা ভূমি অফিসে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, বর্তমান সময়ে ভূমির পরিকল্পিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।
এবারের মেলার প্রতিপাদ্য ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। মেলার উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আয়ুব খান রফিকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা ও গণমাধ্যমকর্মীরা।
তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলা আগামী বৃহস্পতিবার (২১ মে) শেষ হবে। মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে।





