প্রদীপ শীল, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর ভস্মীভূত হয়েছে। ৬ মে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সরকার পাড়া গ্রামের বাসুদেব বিশ্বাসের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে, এলাকার সতীশ চন্দ্র বিশ্বাসের পুত্র সূপণ বিশ্বাস, রাজ চন্দ্র বিশ্বাসের পুত্র রুপন বিশ্বাস, স্বপন বিশ্বাস, প্রফুল্ল চন্দ্র বিশ্বাসের পুত্র পরিমল বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস ও বিজয় বিশ্বাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে এটারটার দিকে বাসুদেব বিশ্বাসের বাড়ির স্বপন বিশ্বাসের বসতঘরে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুনের তীব্র লেলিহান শিখা পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে ছুটে এসে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য পরিমল বিশ্বাস জানান, আগুনে ছয়টি বসতঘরের কোনকিছুই রক্ষা করা সম্ভব হয়নি। নগদ দুই লাখ টাকাসহ আগুনে ছয়টি পরিবারের ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বরত স্টেশন কর্মকর্তা শামসুল আলম জানান, আগুন লাগার সংবাদ পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে নিয়ন্ত্রণে আনায় পাশ্ববর্তী কিছু পরিবার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। বর্তমানে অগ্নিকাণ্ডের ঘটনায় সহায় সম্বল হারিয়ে ছয়টি পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে।





