পাভেল ইসলাম মিমুল, রাজশাহী,
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর অঙ্গ সংগঠন যুব বিভাগের উদ্যোগে রাজশাহী মহানগরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, যুব জামায়াত রাজশাহী মহানগর সভাপতি সালাউদ্দিন আহমেদ এবং ৩ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক মাগফফুরুর রহমান ডাবলু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীজন ও বিপুল সংখ্যক তরুণ অংশগ্রহণ করেন। ইফতারের আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলকে কেন্দ্র করে যুবকদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজের করণীয় বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এছাড়া দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।





