শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি

বান্দরবানের রুমায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। 

মঙ্গলবার (৩ অক্টোবর) রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। 

জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র রুমা বাজার ও বাজার সংলগ্ন হাসপাতাল সড়কের দুই পাশের অপচনশীল প্লাস্টিক বর্জ্য, নারিকেলের খোসা এবং জমে থাকা বিভিন্ন আবর্জনা পরিষ্কার করা হয়। 

এ কর্মসূচিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, স্থানীয় ট্যুরিস্ট গাইড, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারাদেশে মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রতিটি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা রয়েছে। এর মধ্যে সম্প্রতি রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর শরীরেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। ফলে স্থানীয় পর্যায়ে রোগটির বিস্তার ঠেকাতে পূর্বপ্রস্তুতি ও সতর্কতা হিসেবে এ অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে নিজস্ব উদ্যোগেও এ কর্মসূচি চলমান রয়েছে।

অভিযান চলাকালে জানানো হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত থাকতে হলে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে নিজের ঘরবাড়ি, আঙিনা ও কর্মস্থলের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও যেন স্বচ্ছ পানি জমে না থাকে—সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here