ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জে:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষ্যে এক্সিম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় এক্সিম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং রেজিস্ট্রার প্রফেসর ড. জিয়াউর আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল বারী বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি বা সাহিত্যিক নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর লেখনীতে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও সাম্যের বাণী ফুটে উঠেছে। নজরুলের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে হবে। সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানবিক, উদার ও অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ন্যায়বোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।








