সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত এক স্থানীয় যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্তসংলগ্ন পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. শফি (৩৫)। তিনি ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী এলাকার বাসিন্দা এবং কালু মিয়ার ছেলে।
সীমান্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ গর্জনবুনিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪১ এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ি এলাকায় কলার ছড়া কাটতে গেলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে মো. শফি গুরুতর আহত হন।
বিস্ফোরণের পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে সীমান্ত এলাকায় ল্যান্ডমাইনের উপস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





