সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক স্থানীয় বাঙালি নাগরিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্তসংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্ত সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ গর্জনবুনিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪১ থেকে প্রায় ৪০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ি এলাকায় কলার ছড়া কাটতে গেলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে স্থানীয় বাসিন্দা মো. শফি (৩৫) গুরুতর আহত হন। তিনি ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী এলাকার বাসিন্দা এবং কালুর ছেলে।
বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা আহত শফিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সীমান্তসংলগ্ন পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে নাইক্ষংছড়ি থানার অফিসার ইন চার্জ মোজাম্মেল হক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।





