Home সর্বশেষ খবর আলীকদমে ‘যুব রাইজিং স্টার’-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আলীকদমে ‘যুব রাইজিং স্টার’-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

0

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে স্থানীয় সামাজিক সংগঠন ‘যুব রাইজিং স্টার অব আলীকদম’-এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সংগঠনটির মোট ১০৬ জন ভোটারের মধ্যে ৯২ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি পদে আটজন প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে ক্যাশিয়ার (অর্থ সম্পাদক) পদে একক প্রার্থী শেফায়েতুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে চেয়ার প্রতীকে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আতাউল্লাহ ছাতা প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট। সহসভাপতি পদে ফুটবল প্রতীকে ৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. ইশফাকুল ইসলাম। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিন বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে কলম প্রতীকে ৭২ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছেন মো. মনিরুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জুবায়ের হোসেন বাদশা ল্যাপটপ প্রতীকে পেয়েছেন ২০ ভোট। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপেল প্রতীকে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. নুর নবী (নুরখান)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক নয়ন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট।

ভোটগ্রহণ শেষে নিরপেক্ষভাবে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল ছাফা ভুইয়া (বাবু)। সদস্য সচিব ছিলেন ফরহাদুল ইসলাম বাপ্পী এবং কমিটির সদস্য ছিলেন মো. সাহাব উদ্দিন।

নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. নজরুল ইসলাম এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বাজার কমিটির সাবেক সেক্রেটারি কায়েস উদ্দিন। এ ছাড়া নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আলীকদম থানা পুলিশের একটি প্রতিনিধি দল দায়িত্ব পালন করে।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে ‘যুব রাইজিং স্টার অব আলীকদম’-এর মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version