ডেস্করিপোর্ট

বান্দরবানের আলীকদম উপজেলায় ইয়াবা সেবনের অপরাধে ইয়াসিন আরাফাত (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

প্রাপ্ত তথ্যমতে, সোমবার রাত ১২টা ২০ মিনিট থেকে রাত ২টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় নুরুচ্ছফার দোকানের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম। এ সময় আলীকদম থানা পুলিশের মোবাইল-৬১ পার্টির সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।

অভিযানকালে ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(ঘ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৭ নম্বর ক্রম অনুসারে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ইয়াসিন আরাফাত আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বশির সর্দারপাড়া এলাকার নুর আহমদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দণ্ডাদেশের পর সোমবার সকাল ৭টার দিকে পুলিশি পাহারায় তাঁকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, আলীকদম উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here