দুর্গম পাহাড়ে মিলল নিথর দেহ, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত
সুজন ভট্টাচার্য্য, বিশেষ প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকা হাতিরঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছগির রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন জুমচাষি পাহাড়ে যাওয়ার পথে হাতিরঝিরি এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে জানানো হয়। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ছগিরের বলে শনাক্ত করেন।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে লামা থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে হত্যার কারণ বা ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।








