Home মানবিক মদকে ডায়রিয়ার প্রাদুর্ভাব, ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা

মদকে ডায়রিয়ার প্রাদুর্ভাব, ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা

0

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম মদক সীমান্ত এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ থেকে ১৫ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, স্বাস্থ্য পরামর্শ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবির) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামের থুই মা চিং মামা (৪২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। একই এলাকায় আরও ১০ থেকে ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রয়েছেন বলে জানা যায়।

খবর পাওয়ার পর মদক বিওপির টহল দল ও মেডিকেল সহকারী প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়। দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলীকদম ব্যাটালিয়নের উদ্যোগে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে একটি মেডিকেল টিমও ঘটনাস্থলে পাঠানো হয়।

এর ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল কর্মকর্তার নেতৃত্বে দুর্গম মদক এলাকায় চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এ সময় ডায়রিয়ায় আক্রান্ত এবং দরিদ্র স্থানীয় পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকাতেও মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।

স্থানীয় পাড়া কারবারী/হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর স্বাক্ষরিত ২০ সেপ্টেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version