Home শিক্ষা বড়থলির দুর্গম এলাকায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ পৌঁছে দিতে উদ্যোগ প্রশাসনের

বড়থলির দুর্গম এলাকায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ পৌঁছে দিতে উদ্যোগ প্রশাসনের

0

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন বড়থলি ইউনিয়নের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে বিতরণ কার্যক্রমে কিছুটা বিলম্ব হলেও কোনো শিক্ষার্থীকে বই বা শিক্ষা উপকরণ থেকে বঞ্চিত করা হবে না বলে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।

ইউএনও অভি দাশ জানান, বড়থলি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে সেখানে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া এবং বিতরণ কার্যক্রম পরিচালনায় কিছুটা সময় লাগছে। তবে শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করতে ইউনিয়নের টাইগারপাড়ায় গিয়ে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ কার্যক্রমে প্রতিটি বিদ্যালয় থেকে দুজন করে শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এতে বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও সঠিক শিক্ষার্থীদের কাছে উপকরণ পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।

এ ছাড়া বড়থলি ইউনিয়নের রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা ও শ্রেণিভিত্তিক তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্টদের উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইউনিয়নের অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও শ্রেণিভিত্তিক তালিকা জমা দিতে বলা হয়েছে।

ইউএনও আরও জানান, বিদ্যালয়ভিত্তিক শিক্ষার্থীদের তালিকা পাওয়ার পর তাদের প্রয়োজন অনুযায়ী বই ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গম পাহাড়ি জনপদের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্রুত তালিকা প্রস্তুত ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে বড়থলি ইউনিয়নের প্রতিটি শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া সম্ভব হবে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version