আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ইসমাইল চৌধুরী এলাকায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সোহেল আরমান বর্তমানে চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সোহেল আরমান নামের ওই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সম্প্রতি তিনি চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

অনেকেই প্রশ্ন তুলেছেন, মাদক মামলার আসামি কীভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান। স্থানীয়রা জানান, তিনি আগে উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একই কমিটিতে উপজেলা আওয়ামী যুবলীগের আরেক কর্মীকেও সদস্য করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে দায়িত্বশীল ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা জরুরি। অন্যথায় প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হিন্দোল বারী বলেন, এখনো কমিটির অনুমোদন দেওয়া হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটি জমা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here