চাইমং মার্মা, বান্দরবান
বান্দরবানের সুয়ালক এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৫টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের কিউবি রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। বান্দরবানে প্রবেশের মুখে সুয়ালক এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—পল্লব দাশ, রিয়াদ, প্রিতম দাশ, চিরঞ্জিৎ সেন, রিমন দাশ, আলামিন, শিফাত মাহমুদ, সোহেল, তার স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস, নাফি রেজওয়ান ও সৌরভ মণ্ডল। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাসের এক যাত্রী অভিযোগ করেন, চট্টগ্রাম পার হওয়ার পর থেকেই চালক অসাবধানভাবে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাকে সতর্কও করেছিলেন। সুয়ালক এলাকায় একটি বাঁক নেওয়ার সময় সম্ভবত ভুলবশত ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ায় বাসটি খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান জানান, উদ্ধার অভিযানের মাধ্যমে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
অন্যদিকে, বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান চৌধুরী জানান, ভোরে প্রায় ২০ জন আহতকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।





