
ডেক্স নিউজ
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বান্দরবানের আলীকদম উপজেলায় হরিণের মাংস বিক্রির উদ্দেশ্যে বহনকালে এক মোটরসাইকেল চালককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তার কাছ থেকে প্রায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। আদালত সূত্রে জানা গেছে, আটকৃত ব্যাক্তির নাম নুরুল হাকিম (৩০), পিতা- হাবিবুর রহমান, ঠিকানা: ৪নং ওয়ার্ড, নয়াপাড়া, বান্দরবান—কে দোষী সাব্যস্ত করা হয়।
তিনি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ১১ ধারা অনুযায়ী অপরাধে দোষী সাব্যস্ত হন। আদালত তাকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়াও জব্দকৃত প্রায় ১০ কেজি হরিণের মাংস ধ্বংস করার নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, “বন্যপ্রাণী সংরক্ষণে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। হরিণসহ যেকোনো সংরক্ষিত বন্যপ্রাণী শিকার, বিক্রি বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছে এবং বন্যপ্রাণী সংরক্ষণে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সংরক্ষিত প্রাণী হত্যা, বিক্রি বা পরিবহন দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।





