Home মানবিক দুর্গম মদক সীমান্তের ১৮ পাড়ায় মানবিকতার হাত বাড়াল ৫৭ বিজিবি

দুর্গম মদক সীমান্তের ১৮ পাড়ায় মানবিকতার হাত বাড়াল ৫৭ বিজিবি

0

বান্দরবান প্রতিনিধি:

পাহাড়ের দুর্গম সীমান্তে নিরাপত্তার পাশাপাশি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবানের থানচি উপজেলার মদক সীমান্ত এলাকার দুর্গম ১৮টি পাড়ার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সীমান্তের প্রত্যন্ত জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।

বুধবার (১১ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এবং ৫৭ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের মদক সীমান্ত এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এ কর্মসূচির আওতায় মদক এলাকার ১৮টি পাড়ার ১১ বছর বয়স পর্যন্ত ৫০ জনের বেশি শিশুকে সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকাসহ হাম-রুবেলা, টাইফয়েড ও সার্ভিক্স ভ্যাকসিনসহ বিভিন্ন টিকা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষের মধ্যে ৭৫ থেকে ৮০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ কম থাকায় এসব এলাকার মানুষের জন্য এ উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করছে। প্রত্যন্ত সীমান্তের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে বিজিবি সীমান্তরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ততার প্রমাণ দিয়েছে।

৫৭ বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি এবং পারস্পরিক আস্থা সুদৃঢ় করার কাজ করছে।

বিজিবি আরও জানায়, মদক সীমান্তে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পেইন ও টিকাদান কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বর্ডার আউটপোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও জনকল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version