Home সর্বশেষ খবর অপরিকল্পিত ড্রেন নির্মাণে জলাবদ্ধতা নিরসন নিয়ে শঙ্কা, চাতরী চৌমুহনী বাজারে ক্ষোভ

অপরিকল্পিত ড্রেন নির্মাণে জলাবদ্ধতা নিরসন নিয়ে শঙ্কা, চাতরী চৌমুহনী বাজারে ক্ষোভ

0

শেখ আব্দুল্লাহ, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা চাতরী চৌমুহনী বাজার। বর্ষা মৌসুম এলেই সামান্য বৃষ্টিতে এ বাজারের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণকাজ চললেও এর পরিকল্পনা ও নির্মাণের পরিমাপ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ, চাতরী চৌমুহনী বাজারের মতো গুরুত্বপূর্ণ ও জলাবদ্ধতাপ্রবণ এলাকায় পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন নির্মাণ করা হচ্ছে, তার প্রশস্ততা মাত্র দুই ফুট হওয়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

এ ছাড়া ড্রেনের ঢালাইয়ের পর প্রায় দেড় ফুট উচ্চতা কমে যাওয়ার বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে ড্রেনের কার্যকর গভীরতা ও পানি প্রবাহের সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টদের পরিকল্পনা ও নির্মাণকাজের যথাযথ কারিগরি মূল্যায়ন ছাড়া এ ধরনের ড্রেন নির্মাণ করা হলে সরকারি অর্থ ব্যয় হলেও চাতরী চৌমুহনী বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নাও হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

তাই ড্রেনের নির্মাণকাজ চলাকালীন সময়েই এর নকশা, প্রশস্ততা, গভীরতা ও পানি নিষ্কাশনের সক্ষমতা পুনরায় যাচাই করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি বর্ষা মৌসুমের পানির চাপ বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর প্রত্যাশা, অপরিকল্পিতভাবে কাজ শেষ না করে চাতরী চৌমুহনী বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর, টেকসই ও জনবান্ধব ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন বলেন, আপনি সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ (দোহাজারী সড়ক বিভাগ)-এর সঙ্গে কথা বলেন।

অন্যদিকে, নির্বাহী প্রকৌশলী (চ. দ.), সওজ, মো. মাইদুল ইসলামকে বিষয়টি জানানো হলে তিনি দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের (দোহাজারী সড়ক বিভাগ) নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version