রাউজান প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে পারিবারিক বিরোধের সালিশি বৈঠকে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছেন রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন মির্জা। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মনু মিয়া ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর শাহাদাত মির্জার বিক্ষুব্ধ অনুসারীরা অভিযুক্তের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়া এলাকার মৃত আলী আহমেদের ছেলে সাহাব মিয়ার দুই স্ত্রীর পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এ সালিশের আয়োজন করা হয়। সাহাব মিয়ার প্রথম স্ত্রীর দুই ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রথম স্ত্রীর সন্তানদের জায়গা-জমি লিখে দিলেও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের কোনো অংশ দেননি। এ নিয়ে সোমবার সন্ধ্যার পর সাহাব মিয়ার বাসভবনে সালিশি বৈঠক বসলে বিচারক হিসেবে অংশ নেন শাহাদাত হোসেন মির্জা। বৈঠক চলাকালে কথাকাটাকাটির এক পর্যায়ে হঠাৎ শাহাদাত মির্জার মাথায় সজোরে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার অনুসারী ও স্থানীয় একদল লোক ঘটনাস্থলে গিয়ে সাহাব মিয়ার বসতঘর এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে সাহাব মিয়ার আপন ভাই নুরুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে সাকিব, স্ত্রী রবি আকতার ও বোন ফাতেমা আকতারকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর মূল অভিযুক্ত সাহাব মিয়া ও তার ছেলে বাবলু পালিয়ে গেছে। শাহাদাত মির্জার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেনি।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here