Home সর্বশেষ খবর আলীকদমে চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগে বিভিন্ন মহলের স্বাগত, দ্রুত বাস্তবায়নের দাবি

আলীকদমে চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগে বিভিন্ন মহলের স্বাগত, দ্রুত বাস্তবায়নের দাবি

0

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিনের প্রত্যাশিত চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত বিচারিক কার্যক্রম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এ উদ্যোগকে জনসাধারণের ন্যায়বিচারপ্রাপ্তি সহজীকরণ এবং বিচারিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তাঁরা। একই সঙ্গে উদ্যোগটি দ্রুত বাস্তবায়ন করে নিয়মিত বিচারিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি-১২০৬৮, আলীকদম উপজেলা শাখার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আলীকদমে চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠা হলে সাধারণ মানুষ সহজে বিচারিক সেবা পাবেন। এতে দুর্গম পাহাড়ি এলাকার বিচারপ্রার্থীদের যাতায়াতে সময় ও অর্থের ব্যয় কমবে এবং দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

শিক্ষক সমিতির বিবৃতিতে আরও বলা হয়, আলীকদমে প্রথমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চালু এবং পরবর্তী সময়ে পার্শ্ববর্তী উপজেলাগুলোকে অন্তর্ভুক্ত করে বিচারিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলে তা জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আলীকদম শাখা, ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং ক্রীড়া ও সামাজিক সংগঠন রাইজিং স্টার অব আলীকদমও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে। তাঁদের মতে, আলীকদমের ভৌগোলিক দুর্গমতা ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বিচারিক সেবা নিতে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। আদালত পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত কার্যক্রম চালু হলে স্থানীয় জনগণের ন্যায়বিচারপ্রাপ্তির পথ আরও সহজ হবে।

বিবৃতিদাতারা জনস্বার্থে নেওয়া এ উদ্যোগের সফল বাস্তবায়ন কামনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও দায়িত্বশীল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আলীকদমের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠা এবং নিয়মিত বিচারিক কার্যক্রম চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version