Homeসর্বশেষ খবরআনোয়ারা থানায় বসার জায়গা ও ওয়াশরুমের সংকট

আনোয়ারা থানায় বসার জায়গা ও ওয়াশরুমের সংকট

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আনোয়ারা থানায় সেবা নিতে আসা মানুষের জন্য পর্যাপ্ত বসার জায়গা ও ওয়াশরুমের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারী সেবাগ্রহীতারা পড়ছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, থানায় আসা অধিকাংশ মানুষকে বাইরে অপেক্ষা করতে হচ্ছে। কেউ গাছের নিচে, কেউ পুকুরঘাটে, আবার কেউ গাড়ির ভেতরে বসে সময় কাটাচ্ছেন। থানার ভেতরে জায়গা সীমিত থাকায় সেখানে একসঙ্গে কয়েকজনের বেশি বসার সুযোগ নেই। ফলে সেবাপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হতে হচ্ছে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নারী সেবাগ্রহীতারা। থানার বাইরে কোনো ওয়াশরুমের ব্যবস্থা না থাকায় তাঁদের বাধ্য হয়ে অন্যত্র যেতে হচ্ছে, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

থানায় সেবা নিতে আসা তাসফিয়া সুলতানা বলেন, “একটি কাজে অনেক দূর থেকে থানায় এসেছি। কাজটি করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে বলে জানানো হয়। কিন্তু ভেতরে বসার জায়গা না থাকায় বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওয়াশরুমের প্রয়োজন হলেও এখানে কোনো ব্যবস্থা নেই। বাইরে অন্য জায়গায় যেতে হয়েছে। একটি ওয়াশরুম থাকলে আমাদের জন্য খুবই উপকারী হতো।”

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান মো. সাকিব। তিনি বলেন, “একটি কাজে থানায় এসেছি, কিন্তু বেশিক্ষণ ভেতরে বসা যায় না। বাইরে যদি বসার ব্যবস্থা থাকত, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। এখন আশপাশে ঘোরাঘুরি করে সময় কাটাতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে, বাড়ি ফিরতেও দেরি হয়ে যাচ্ছে।”

এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ বলেন, “বিষয়টি আমি নোট করেছি। বর্তমানে ছুটিতে আছি। ফিরে এসে কী করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করব।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, থানায় সেবা নিতে আসা মানুষের জন্য অন্তত বসার জায়গা ও একটি ওয়াশরুমের ব্যবস্থা করা জরুরি। এতে সাধারণ মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে এবং সেবার মানও বৃদ্ধি পাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments