চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বর্তমান সময়ে সারাদেশে জ্বালানি তেলের সংকট নিয়ে জনভোগান্তি বাড়ছে। বিভিন্ন স্থানে তেল না পেয়ে ভোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মজুত থাকা সত্ত্বেও জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন-এ এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে ‘তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পাম্পে মজুত যাচাই করে দেখা যায়, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন সংরক্ষিত রয়েছে।
মজুত থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রাখার অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী জানান, ভোক্তা হয়রানি ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





