সুজন চৌধুরী
বান্দরবান জেলার আলীকদম-থানচি সড়কের ১৯ কিলোমিটার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে থানচি থেকে আলীকদমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহত পর্যটকদের পরিচয় আবদুল্লাহ আল মামুন (৩৮)পিতা: মৃত রুস্তম আলী
সাং ও থানা: সদর, জেলা: ফেনী।ইমতিয়াজ আহমদ বেলাল (৪৫)পিতা: মৃত আবুল কালাম আজাদ সাং: মতিগঞ্জ, থানা: সোনাগাজী, জেলা: ফেনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজন পর্যটক দুটি মোটরসাইকেলে করে থানচি ভ্রমণ শেষে আলীকদমে ফিরছিলেন। পথে ১৯ কিলোমিটার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আহমেদ জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাপ্রবণ পাহাড়ি সড়কে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


